দীর্ঘ আট বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের (রেজি. নং বি-৭৭) নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ২২টি চা-বাগানে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। শেষ মুহূর্তে ভোটারদের সমর্থন আদায়ে বাগানে বাগানে গণসংযোগ, পথসভা ও প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। অন্যদিকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে ব্যাপক প্রস্তুতি নিয়েছে প্রশাসন ও নির্বাচন কমিশন।
শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দেশের ২৩০টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে প্রার্থী ও সমর্থকদের তৎপরতা। চা-শ্রমিকদের ন্যায্য মজুরি, রেশন, ভূমির অধিকার, চিকিৎসা, শিক্ষা ও কর্মসংস্থানের বিষয়গুলো এবারের নির্বাচনী প্রচারণায় বিশেষ গুরুত্ব পাচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে গত ১৫ নভেম্বর প্রকাশিত প্রতীক বরাদ্দের তালিকা অনুযায়ী, কুলাউড়ার ২২টি চা-বাগানের পঞ্চায়েত কমিটিতে মোট ৬২টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। অন্যদিকে লংলা ভ্যালি কার্যকরী পরিষদের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন। তাঁরা হলেন নাছানা পাশী (তালাচাবি), দীপঙ্কর ঘোষ (টর্চলাইট) ও সঞ্জু অধিকারী (আম)। নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার।
কুলাউড়ার ২২টি চা-বাগানে মোট ভোটার ৮ হাজার ৫৬৫ জন। বাগানগুলো হলো—মুরইছড়া, চাতলাপুর, তিলকপুর, আসগরাবাদ, রাজানগর, সিরাজনগর, লোয়াইউনি, হলিছড়া, হিংগাজিয়া, কালিটি, ক্লিভডন, দিলদারপুর, তারাপাশা, পাল্লাকান্দি, বিজয়া, রাঙ্গীছড়া, রেহানা, বরমচাল, গাজীপুর, ঝিমাই, মেরিনা ও লংলা।
প্রার্থীরা শ্রমিকদের দ্বারে দ্বারে গিয়ে নিজেদের প্রতিশ্রুতি ও নির্বাচনী ইশতেহার তুলে ধরছেন। লংলা ভ্যালি কার্যকরী পরিষদের টর্চলাইট প্রতীকের দীপঙ্কর-ঝুমু-বিশ্বজিং প্যানেলের ইশতেহারে বাজারদরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ন্যায্য মজুরি, পূর্ণাঙ্গ রেশন ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা বৃদ্ধি, বসতভিটা ও কৃষিজমির স্থায়ী বন্দোবস্ত এবং চা-শ্রমিকদের সন্তানদের প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার সুযোগ নিশ্চিত করার অঙ্গীকার করা হয়েছে।
এ ছাড়া প্রতিটি চা-বাগানে আধুনিক হাসপাতাল নির্মাণ, পর্যাপ্ত এমবিবিএস চিকিৎসক ও নার্স নিয়োগ, অ্যাম্বুলেন্স ও আধুনিক রোগ নির্ণয় কেন্দ্র স্থাপন, অস্থায়ী শ্রমিকদের স্থায়ীকরণ, চা-আবাদ সম্প্রসারণের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং শ্রমিকস্বার্থবিরোধী আইন বাতিলের দাবিও ইশতেহারে তুলে ধরা হয়েছে।
লংলা ভ্যালি সাধারণ সম্পাদক পদপ্রার্থী গাজীপুর চা-বাগানের অশোক কুমার গোয়ালা (বাবলু) বলেন, এবারের নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে তিনি আশাবাদী। তাঁদের প্যানেল বিপুল ভোটে জয়লাভ করবে বলেও প্রত্যাশা করেন তিনি।
অন্যদিকে কালিটি চা-বাগানের বর্তমান ভারপ্রাপ্ত পঞ্চায়েত সভাপতি অনিমা অলমিক এবং বাগানের স্থায়ী শ্রমিক মিনা পাশী ও প্রমেশ নাইডুও সুষ্ঠু ও সুন্দর নির্বাচন নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।
চা শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক কৃষ্ণদাস অলমিক বলেন, দীর্ঘ আট বছর পর বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত প্রতিনিধিরা শ্রমিকদের কল্যাণে সত্যিকার অর্থে কাজ করবেন, এমন প্রত্যাশা তাঁদের। এবারের নির্বাচনে রাজনৈতিক প্রভাব পরিলক্ষিত হচ্ছে না উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, উৎসবমুখর পরিবেশে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হবে।
বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ জানান, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর পরপর নির্বাচন হওয়ার কথা থাকলেও দীর্ঘ আট বছর ধরে কেন্দ্রীয় নির্বাচন অনুষ্ঠিত হয়নি। সর্বশেষ ২০১৮ সালের ২৪ জুন নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এবারের নির্বাচনে দেশের বিভিন্ন চা-বাগানের প্রায় এক লাখ শ্রমিক ভোটাধিকার প্রয়োগ করবেন। কেন্দ্রীয় নির্বাচনে ছয় শতাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দীর্ঘ বিরতির পর নির্বাচনকে ঘিরে শ্রমিকদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। তাঁদের আশা, ভোটের মাধ্যমে এমন নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে, যারা দীর্ঘদিনের বঞ্চনা, মজুরি বৈষম্য, আবাসন, ভূমির অধিকার, শিক্ষা ও চিকিৎসাসহ মৌলিক সমস্যাগুলো সমাধানে কার্যকর ভূমিকা রাখবেন।
মৌলভীবাজারের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল জানান, জেলার সাতটি উপজেলায় ১৩৫টি পঞ্চায়েতের অধীনে চূড়ান্ত ভোটার রয়েছেন ৬০ হাজার ৪৮২ জন। এর মধ্যে শ্রীমঙ্গল উপজেলায় ৪০টি পঞ্চায়েতে সর্বাধিক ১৮ হাজার ৮২২ জন ভোটার রয়েছেন। এছাড়া মৌলভীবাজার সদরে ৩টি পঞ্চায়েতে ১ হাজার ১৫৬ জন, রাজনগরে ১৩টি পঞ্চায়েতে ৫ হাজার ৭৫২ জন, কমলগঞ্জে ২৩টি পঞ্চায়েতে ১৪ হাজার ৪৩০ জন, কুলাউড়ায় ২২টি পঞ্চায়েতে ৮ হাজার ৬৫৬ জন, জুড়ীতে ১৬টি পঞ্চায়েতে ৭ হাজার ৮৪৯ জন এবং বড়লেখায় ১৮টি পঞ্চায়েতে ৩ হাজার ৮১৭ জন ভোটার রয়েছেন।
জেলা প্রশাসক বলেন, দীর্ঘ আট বছর পর এ নির্বাচন চা-শ্রমিকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশার সৃষ্টি করেছে। এটি শুধু নেতৃত্ব নির্বাচনের আয়োজন নয়, বরং চা-শ্রমিকদের গণতান্ত্রিক অধিকার চর্চা ও নিজেদের প্রতিনিধিত্বশীল নেতৃত্ব প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ সুযোগ।
তিনি জানান, ইতোমধ্যে রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও প্রিসাইডিং কর্মকর্তাদের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করা হয়েছে। ভোটকেন্দ্রের নিরাপত্তা, ভোটারদের নির্বিঘ্নে যাতায়াত এবং সুষ্ঠুভাবে ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তাদের নির্বাচন পরিচালনা ও ভোটগ্রহণ বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক আরও জানান, এ নির্বাচনের মাধ্যমে পঞ্চায়েত বা প্রাথমিক নির্বাহী কমিটি, ভ্যালি নির্বাহী কমিটি এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন হবে। ফলে চা-শ্রমিকদের অধিকার, স্বার্থ ও দাবি-দাওয়া তুলে ধরার ক্ষেত্রে নির্বাচিত নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের আইন ও নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভোটাররা যাতে নির্ভয়ে ও স্বাধীনভাবে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন বদ্ধপরিকর। সবার সম্মিলিত সহযোগিতায় একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।