হবিগঞ্জের চুনারুঘাটে অনুমতি ছাড়া খোয়াই নদীর পাড়সংলগ্ন এলাকা থেকে মাটি কাটার দায়ে মোবাইল কোর্টে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে চুনারুঘাট পৌরসভার আমকান্দি স্লুইসগেটসংলগ্ন খোয়াই নদীর পার্শ্ববর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ওই এলাকায় অনুমতি ছাড়া মাটি কাটার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় মনজুর রহমান রাতুল (পিতা: লুৎফর রহমান, সাং: আমুরোড, বনগাঁও) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।
এ ছাড়া ভবিষ্যতে অনুমতি ছাড়া মাটি না কাটার বিষয়ে তাঁকে সতর্ক করা হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থ রক্ষা ও কৃষিজমি সংরক্ষণে অনুমতি ছাড়া মাটি কাটার বিরুদ্ধে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।