সিলেটের কানাইঘাটে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ভারতীয় চোরাইপণ্যবাহী একটি বেপরোয়া পিকআপের ধাক্কায় অভিরাজ কুমার রুহন (তৃতীয় শ্রেণি) নামে এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। বর্তমানে সে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছে।
আহত অভিরাজ কুমার রুহন উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের বাউরভাগ ২য় খণ্ড গ্রামের দিলীপ কুমারের ছেলে। সে স্থানীয় সুরইঘাট শাহজালাল একাডেমির শিক্ষার্থী।
আহত শিক্ষার্থীর পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে স্কুল ছুটির পর একটি যাত্রীবাহী টমটমে করে বাড়ি ফিরছিল অভিরাজ। পথে বাড়ির পাশের লাল মসজিদ নামক স্থানে পৌঁছালে ভারতীয় চোরাইপণ্যবাহী একটি বেপরোয়া পিকআপ টমটমটিকে ধাক্কা দেয়। এতে টমটমটি দুমড়েমুচড়ে যায়। এ সময় টমটমে থাকা অন্যরাও আহত হন। তবে অভিরাজ মাথায় গুরুতর আঘাত পায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি ও মাথায় গুরুতর আঘাত থাকায় চিকিৎসকরা তাকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেটের পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে হাসপাতালটির আইসিইউতে চিকিৎসাধীন।
স্থানীয়দের অভিযোগ, ভারতীয় চোরাইপণ্য পরিবহনে ব্যবহৃত বেপরোয়া গতির যানবাহন এ এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটাচ্ছে। এসব গাড়ির ধাক্কায় এর আগেও বেশ কয়েকজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনের মৃত্যুর ঘটনাও ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
এলাকাবাসীর দাবি, চোরাইপণ্য পরিবহনে ব্যবহৃত বেপরোয়া যানবাহনের চলাচল নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। অন্যথায় এ ধরনের দুর্ঘটনায় আরও প্রাণহানির আশঙ্কা রয়েছে।