সুনামগঞ্জের জামালগঞ্জে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সিলিন্ডার গ্যাস বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে উপজেলার জামালগঞ্জ উত্তর ইউনিয়নের মমিনপুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বাজারের একটি দোকানে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সিলিন্ডার গ্যাস বিক্রির প্রমাণ পাওয়া যায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিল্পী রাণী মোদকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় অতিরিক্ত দামে গ্যাস বিক্রির দায়ে দোকানমালিক রেনু মিয়ার ছেলে শাহাবুদ্দীনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।