মৌলভীবাজারের কমলগঞ্জে শারদীয় পূর্ণিমা তিথিতে মণিপুরি সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের মহারাসলীলা শুরু হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে রাখাল নৃত্য বা গোষ্ঠলীলা পরিবেশনার মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। রাতভর চলবে শ্রীকৃষ্ণের মহারাসলীলার নৃত্য ও পরিবেশনা। এ উৎসবকে ঘিরে মণিপুরি সম্প্রদায়ের মানুষের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ।
এবার কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নের শিববাজার জোড়া মণ্ডপে বিষ্ণুপ্রিয়া মণিপুরি সম্প্রদায়ের আয়োজনে ১৮৪তম রাসলীলা এবং আদমপুরের তেতইগাঁওয়ে মণিপুরি মৈতৈ সম্প্রদায়ের আয়োজনে ৪১তম রাস উৎসব অনুষ্ঠিত হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, দুপুরে রাখাল নৃত্যের মধ্য দিয়ে শুরু হওয়া উৎসবকে কেন্দ্র করে মণিপুরি পাড়াগুলোতে দেশ-বিদেশের দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। স্থানীয়দের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা এসেছেন। বিদেশি পর্যটকদের উপস্থিতিও চোখে পড়েছে। রঙিন পোশাক, ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের সুর ও নৃত্যের ছন্দে উৎসবমুখর হয়ে উঠেছে পুরো এলাকা। রাস উৎসব উপলক্ষে বসেছে বিভিন্ন পণ্যের মেলা।
আয়োজকরা জানান, মহারাসলীলার আনুষ্ঠানিকতা শুরু হয় গোষ্ঠলীলা বা রাখাল নৃত্যের মধ্য দিয়ে। গোধূলি পর্যন্ত চলে এ পরিবেশনা। এতে রাখালের বেশে শ্রীকৃষ্ণের বাল্যজীবন তুলে ধরা হয়। রাত ১১টা থেকে শুরু হবে মহারাসলীলার মূল নৃত্যপর্ব। এতে নৃত্য, গান ও সুরের মাধ্যমে গোপীদের সঙ্গে শ্রীকৃষ্ণের মধুর লীলার বিভিন্ন দিক তুলে ধরবেন শিল্পীরা। এ পরিবেশনা চলবে ভোররাত পর্যন্ত।
মহারাসলীলা উপলক্ষে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
এর আগে সোমবার সন্ধ্যায় মাধবপুরের শিববাজার জোড়া মণ্ডপে ১৮৪তম রাস উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ মুজিবুর রহমান চৌধুরী।
মহারাসলীলা সেবা সংঘের সভাপতি চাঁদমুরারী সিংহ স্বপন বলেন, রাখাল নৃত্যের মধ্য দিয়ে রাস উৎসব শুরু হয়েছে। এ উৎসব দেখতে প্রতিবছর দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার দর্শনার্থী আসেন। উৎসবকে ঘিরে মণিপুরি সম্প্রদায়ের প্রতিটি পরিবার কয়েক সপ্তাহ আগে থেকেই প্রস্তুতি নিতে শুরু করে।