বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর ঘিরে বিতর্ক, ভিসা বাতিলের দাবি ও সমালোচনার মধ্যে পূর্বনির্ধারিত সফর সংক্ষিপ্ত করে দেশের উদ্দেশে রওনা হয়েছেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) স্থানীয় সময় বিকেলে সিডনির কিংসফোর্ড স্মিথ আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে অস্ট্রেলিয়া ত্যাগ করেন জামায়াত আমির। পূর্বনির্ধারিত সফরসূচি অনুযায়ী মালয়েশিয়া হয়ে ২৬ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা ছিল। তবে মালয়েশিয়া সফর বাদ দিয়ে সরাসরি দেশে ফিরছেন তিনি। সফর সংক্ষিপ্ত করার পেছনে চলমান বিতর্ক ও ভিসা বাতিলের দাবিকে কারণ হিসেবে দেখছেন প্রবাসী কমিউনিটির কয়েকজন ব্যক্তি।
শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফরকে কেন্দ্র করে দেশটিতে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। তাঁর অতীতের বিভিন্ন বক্তব্য, বাংলাদেশের মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলামীর ভূমিকা এবং ধর্মীয় সংখ্যালঘুদের অধিকারসংক্রান্ত প্রশ্ন তুলে অস্ট্রেলিয়া সরকারের কাছে ব্যাখ্যা দাবি করেছে দেশটির ইহুদি ও হিন্দু সম্প্রদায়ের দুটি সংগঠন। একই সঙ্গে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্কের কাছে তাঁর ভিসা বাতিলের দাবিও জানানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা যায়, ফিলিস্তিনের হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার ও ইসমাইল হানিয়াকে নিয়ে শফিকুর রহমানের অতীতের বক্তব্যের প্রসঙ্গ তুলে তাঁর সফরের বিরোধিতা করেছে অস্ট্রেলিয়ান জুইশ অ্যাসোসিয়েশন ও অস্ট্রেলিয়ান হিন্দু অ্যাসোসিয়েশন। পাশাপাশি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জামায়াতের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে সংগঠন দুটি।
অস্ট্রেলিয়ান জুইশ অ্যাসোসিয়েশনের সভাপতি রবার্ট গ্রেগরি বিদেশি রাজনৈতিক নেতাদের ভিসা দেওয়ার ক্ষেত্রে অস্ট্রেলিয়া সরকারের নীতির সামঞ্জস্য নিয়ে প্রশ্ন তুলেছেন। অতীতে ইসরায়েলের কয়েকজন রাজনৈতিক নেতার ক্ষেত্রে অস্ট্রেলিয়া সরকারের নেওয়া ভিসাসংক্রান্ত পদক্ষেপের প্রসঙ্গ টেনে জামায়াত আমিরকে প্রবেশের অনুমতি দেওয়ার বিষয়ে ব্যাখ্যা দাবি করেন তিনি।
এদিকে সোমবার (২৩ নভেম্বর) অস্ট্রেলিয়ার সাময়িকী ‘কোয়াড্রান্ট’-এ প্রকাশিত ‘হাউ ডিড দিস ওয়ান এভার গেট আ ভিসা?’ শীর্ষক এক নিবন্ধে অভিবাসন এজেন্ট রেমন্ড সালোমন শফিকুর রহমানকে ভিসা দেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন। নিবন্ধে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস এবং সে সময় জামায়াতের রাজনৈতিক ভূমিকার বিষয়টিও তুলে ধরা হয়।
সিডনির বাংলাদেশি কমিউনিটির ব্যক্তিত্ব ও বিবিয়ানা প্রাইভেট লিমিটেডের স্বত্বাধিকারী শিপন আহমদ বলেন, একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী জামায়াতের রাজনৈতিক ভূমিকা আমরা ভুলে যাইনি। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর সহযোগীদের কর্মকাণ্ডের ইতিহাস নতুন প্রজন্মের কাছেও তুলে ধরা প্রয়োজন। সেই ইতিহাসের দায় স্বীকার না করে জামায়াতের নেতৃত্ব বাংলাদেশের প্রতিনিধিত্ব করার দাবি করলে প্রশ্ন ওঠা স্বাভাবিক।
তিনি আরও বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনে জনগণের রায়ের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক অবস্থান স্পষ্ট হয়েছে বলে তিনি মনে করেন।
অস্ট্রেলিয়া বিএনপি নেতা শাহিনুর রহমান ও প্রবাসী আবিদুর রহমান বলেন, জামায়াত-শিবিরের রাজনীতি নিয়ে তাঁদের আপত্তির ভিত্তি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস, অসাম্প্রদায়িক চেতনা এবং ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা। স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের বিরোধিতাকারী রাজনৈতিক শক্তির উত্তরসূরিদের কাছে তাঁরা অতীতের কর্মকাণ্ডের সুস্পষ্ট জবাব চান।
তাঁদের অভিযোগ, এসব প্রশ্নের জবাব না দিয়ে প্রবাসে এসে জামায়াতের পক্ষে জনমত তৈরির চেষ্টা প্রবাসীদের মধ্যে বিভাজন ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।
বাংলাদেশি কমিউনিটির একাধিক ব্যক্তিও জানান, অস্ট্রেলিয়ায় হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টানসহ বিভিন্ন ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করছেন। ধর্মের নামে বিভাজন, বিদ্বেষ কিংবা সহিংস রাজনীতির কোনো স্থান থাকা উচিত নয়। জামায়াত-শিবিরের রাজনৈতিক কর্মকাণ্ড যেন প্রবাসীদের পারস্পরিক সম্পর্ক ও সামাজিক সম্প্রীতি ক্ষতিগ্রস্ত না করে, সে বিষয়ে তাঁরা উদ্বিগ্ন।
তাঁদের মতে, অস্ট্রেলিয়ায় বাংলাদেশিরা নিজেদের যোগ্যতা ও পরিশ্রমের মাধ্যমে দেশের ইতিবাচক পরিচিতি তুলে ধরছেন। কিন্তু একজন রাজনৈতিক নেতার সফরকে কেন্দ্র করে দেশটির সংবাদমাধ্যমে উগ্রবাদ ও ধর্মীয় বিদ্বেষের অভিযোগ নিয়ে আলোচনা হওয়া প্রবাসীদের জন্য বিব্রতকর।
প্রসঙ্গত, গত রোববার (২২ নভেম্বর) পশ্চিম সিডনির ক্যাম্পবেলটাউনে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত এক আলোচনা সভায় যোগ দেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। সেখানে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানান তিনি।
অস্ট্রেলিয়ার প্রভাবশালী সংবাদমাধ্যম ‘দ্য অস্ট্রেলিয়ান’-এর প্রতিবেদন অনুযায়ী, ব্যক্তিগত তথ্যের গোপনীয়তার কারণে শফিকুর রহমানের ভিসা অনুমোদনের আগে কী ধরনের যাচাই করা হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করেনি অস্ট্রেলিয়া সরকার। তবে ভিসা আবেদনকারীদের স্বাস্থ্য, চারিত্রিক ও নিরাপত্তাসংক্রান্ত প্রয়োজনীয় যাচাইয়ের মধ্য দিয়ে যেতে হয় বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।