সুনামগঞ্জের দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের জারলিয়া গ্রামে অগ্নিকাণ্ডে ঘরবাড়ি পুড়ে যাওয়া ১৩টি ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা খাদ্যগুদাম প্রাঙ্গণে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে এসব সহায়তা তুলে দেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সংসদ সদস্যের বিশেষ বরাদ্দ থেকে প্রতিটি পরিবারকে ৫০০ কেজি করে চাল দেওয়া হয়েছে। এ ছাড়া উপজেলা পরিষদের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে ১০ হাজার টাকার চেক, শুকনো খাবার, শাড়ি, লুঙ্গি ও কম্বল প্রদান করা হয়।
সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মির্জা মো. আবু সাঈদ, জেলা বিএনপির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাপ মিয়া, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক সরদার, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাব্বির মিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহ আলম ও সাধারণ সম্পাদক জুনায়েদ মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জারলিয়া গ্রামের ১৩টি পরিবারের পাশে দাঁড়াতে সংসদ সদস্য ও উপজেলা পরিষদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ সহায়তা প্রদান করা হয়েছে। প্রতিটি পরিবারকে ১০ হাজার টাকার চেক, ৫০০ কেজি চাল, শুকনো খাবার, কম্বল, শাড়ি, লুঙ্গিসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার চেষ্টা করা হবে। পাশাপাশি এ দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের প্রতি আহ্বান জানান তিনি।