মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে ফিতা কেটে মসজিদটির উদ্বোধন করেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম। পরে জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে মসজিদটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম বলেন, মডেল মসজিদ ধর্মীয় শিক্ষা, নৈতিকতা চর্চা ও ইসলামী সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি মসজিদটিকে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সংসদ সদস্যের রাজনৈতিক সচিব-১ এসএম জামান মতিন, রাজনৈতিক সচিব-২ রেদওয়ান খান, কুলাউড়া প্রেসক্লাবের আহ্বায়ক এম শাকিল রশীদ চৌধুরী, জেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার ইয়াহিয়া আহমদ চৌধুরী, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা আব্দুর রকিব।
এ ছাড়া উপস্থিত ছিলেন বিএনপি নেতা আলমগির হোসেন ভুঁইয়া, ময়নুল হক বকুল, সুফিয়ান আহমদ, বদরুল হোসেন খান ও সুরমান আহমদ, সাংবাদিক ময়নুল হক পবন, নাজমুল বারী সোহেলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
উদ্বোধন শেষে সংসদ সদস্যসহ উপস্থিত মুসল্লিরা মসজিদে প্রথম জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে দোয়া ও মিলাদ পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা মো. মাইদুল ইসলাম।