প্রেসক্লাব কুলাউড়ার অস্তিত্ব, স্বাতন্ত্র্য ও সাংগঠনিক স্বাধীনতা রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে সংগঠনটির নেতৃত্ব। জনপ্রতিনিধি কিংবা প্রশাসনিক কর্মকর্তা—কারওই একটি স্বাধীন পেশাজীবী সংগঠনকে বিলুপ্ত করা বা এর সাংগঠনিক কার্যক্রমে হস্তক্ষেপ করার অধিকার নেই বলে জানিয়েছেন নেতৃবৃন্দ।
রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় প্রেসক্লাব কুলাউড়ার জরুরি সভায় সংগঠনটির অস্তিত্ব ও চলমান কার্যক্রম নিয়ে সৃষ্ট বিভ্রান্তির বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।
সভায় জানানো হয়, প্রেসক্লাব কুলাউড়ার একটি কার্যকর কমিটি রয়েছে এবং দায়িত্বশীল নেতৃত্বের অধীনে সংগঠনের কার্যক্রম যথারীতি চলছে। তাই সংগঠনটি বিলুপ্ত হয়েছে কিংবা অন্য কোনো সংগঠনের সঙ্গে একীভূত হয়েছে বলে প্রচার করা বিভ্রান্তিকর।
সভায় প্রেসক্লাব কুলাউড়ার গৌরবময় তিন দশক পূর্তি উপলক্ষে প্রকাশিতব্য স্মারক ম্যাগাজিন ‘তিরিশ’-এর প্রকাশনা কার্যক্রমের অগ্রগতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়। স্মারকটি সফলভাবে প্রকাশের বিষয়ে গুরুত্বারোপ করেন নেতৃবৃন্দ।
সভা থেকে সংশ্লিষ্ট সবাইকে প্রেসক্লাব কুলাউড়ার নাম, অস্তিত্ব ও সাংগঠনিক মর্যাদা নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
নেতৃবৃন্দ বলেন, প্রেসক্লাব কুলাউড়া একটি স্বাধীন ও স্বতন্ত্র পেশাজীবী সংগঠন। এর অস্তিত্ব, মর্যাদা ও গঠনতান্ত্রিক অধিকার রক্ষায় কোনো আপস করা হবে না।