সিলেটের কানাইঘাট উপজেলায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। এ বছর উপজেলার ৩৪টি পূজামণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। শনিবার (১৭ অক্টোবর) মহাসপ্তমীর দিনে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক সুমাইয়া ফেরদৌস।
পরিদর্শনকালে তিনি হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। একই সঙ্গে বিভিন্ন মণ্ডপের সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।
কানাইঘাট পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের সময় পৌরসভার পক্ষ থেকে পাঁচটি পূজামণ্ডপে আর্থিক অনুদানও প্রদান করেন ইউএনও সুমাইয়া ফেরদৌস।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দুর্গাপূজাকে ঘিরে প্রতিটি পূজামণ্ডপে সার্বিক মনিটরিং করা হচ্ছে। নিরাপত্তার দায়িত্বে রয়েছে কানাইঘাট থানা পুলিশ ও আনসার-ভিডিপি সদস্যরা। পাশাপাশি যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও নাশকতা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
ইউএনও পূজামণ্ডপ পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন কানাইঘাট পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, উপজেলা পূজা উদযাপন পরিষদ ও উপজেলা পূজা উদযাপন কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দ।
পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ জানান, কানাইঘাটে প্রতিবছরের মতো এবারও ধর্মীয় সম্প্রীতির পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। পূজা উপলক্ষে সরকারের পক্ষ থেকে অনুদান বৃদ্ধি এবং সরকারি ছুটি বাড়ানোয় তারা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এদিকে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে ভক্তদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।