সিলেটের বিশ্বনাথে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাশেমের সভাপতিত্বে সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মাহবুবর রহমান, উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুস শহিদ, দেওকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম মতছিন, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদারসহ সংশ্লিষ্টরা বক্তব্য দেন।
সভায় উপজেলার মাদক পরিস্থিতি, পৌর শহরের তীব্র যানজট, লাইসেন্সবিহীন ফার্মেসি পরিচালনা এবং মোবাইল ফোনের মাধ্যমে জুয়া খেলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। এসব অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করেও সভায় বিস্তারিত আলোচনা হয়। উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি বা বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
সভায় বক্তারা বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণে শান্তিপূর্ণ ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এ ছাড়া যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদযাপন কমিটির মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালেহ আহমদ সাকি, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মশিউর রহমানসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।