‘বই পড়ি, মন গড়ি’ স্লোগানে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুই মাসব্যাপী বই পড়া উৎসবের সমাপ্তি হয়েছে। শনিবার সকালে শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে সনদ, ল্যাপটপসহ বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে এবং শ্রীমঙ্গল আবৃত্তি উৎসবের সহযোগিতায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী।
জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে এবং আবৃত্তিশিল্পী দেবাশীষ দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান। বক্তব্য দেন শ্রীমঙ্গল সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুজিবুর রহমান।
উৎসবে চূড়ান্তভাবে নির্বাচিত ৭০ জন বিজয়ীর মধ্য থেকে সাতজনকে ‘বেস্ট রিডার’ ঘোষণা করা হয়। তাঁদের হাতে সনদ, ল্যাপটপসহ বিভিন্ন পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনার অংশ হিসেবে গান ও নৃত্য পরিবেশন করা হয়।
আয়োজকেরা জানান, শ্রীমঙ্গল উপজেলার ৩৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২৫ হাজার শিক্ষার্থী এ বই পড়া উৎসবে অংশ নেয়। শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তোলা, জ্ঞানের পরিধি বাড়ানো এবং সৃজনশীল মনন বিকাশে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।