সুনামগঞ্জের জামালগঞ্জ প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ, গুরুত্বপূর্ণ কাগজপত্র সরিয়ে নেওয়া ও দখলের চেষ্টার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে জামালগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি শেরে আলম শেরু।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ৯ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জামালগঞ্জ বাজারে অবস্থিত প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ে এ ঘটনা ঘটে। অভিযোগে আব্দুল আহাদ ও শাহিন আলম নামের দুই ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগকারী শেরে আলম শেরুর দাবি, অভিযুক্ত ব্যক্তিরা কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র সরিয়ে নেওয়াসহ কার্যালয়টি দখলের চেষ্টা করেন। কিছুক্ষণ অবস্থানের পর তাঁরা কার্যালয়ে আবার তালা লাগিয়ে চলে যান।
অভিযোগে আরও বলা হয়, ঘটনার সত্যতা যাচাই করতে প্রেসক্লাবের সহসভাপতি জিয়াউর রহমান ও সদস্য আতিউর রহমান ঘটনাস্থলে যান। পরে ১০ অক্টোবর দুপুর ১২টার দিকে প্রেসক্লাবের কয়েকজন সদস্যকে সঙ্গে নিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করেন।
শেরে আলম শেরু দাবি করেন, এর আগেও কয়েকবার প্রেসক্লাবের কার্যালয়ের তালা ভেঙে প্রবেশের চেষ্টা করা হয়েছিল। এসব ঘটনায় প্রেসক্লাবের স্বাভাবিক কার্যক্রম ও কার্যালয়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি।
এ বিষয়ে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”