সুনামগঞ্জের তাহিরপুরে মসজিদের মাইকে পূর্ব ঘোষণা দিয়ে চার গ্রামের সংঘর্ষের ঘটনায় শুক্রবার স্থানীয় সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের নেতৃত্বে শালিসে নিষ্পত্তি হয়েছে। শালিসে উপজেলার রাজনৈতিক, সমাজিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
এ সময় এমপি কামরুজ্জামান কামরুল বলেন, মসজিদ আল্লাহর ঘর। এখানে মাইকে আযান দেওয়া হয় আমাদেরকে নামাজে যাওয়ার জন্যে। সংঘাতে জড়ানোর জন্য মসজিদের মাইকে ঘোষণা দেওয়া লজ্জাজনক ও ন্যাক্কারজনক।
ফেসবুকে দু-চারজন লোক উস্কানি দিয়ে এই ঘটনা ঘটিয়েছে উল্লেখ করে তিনি বলেন, এখনকার যুগে মানুষ মারামারি করে না। এখন মানুষ কম্পিটিশন করে লেখাপড়া, চাকরি ও ব্যবসায়সহ বিভিন্ন কর্মক্ষেত্রে প্রতিষ্ঠা পাওয়ার জন্য। এবং ভালো ও ভদ্র মানুষ হওয়ার জন্য। তিনি এই মারামারি ও সংঘাত থেকে বেড়িয়ে আসার জন্য যুব সমাজসহ সমাজের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান।
সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান, জেলা বিএনপি নেতা মো. আনিসুল হক এর সভাপতিত্বে শালিসে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুনাব আলী, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, উপজেলা বিএনপির সদস্য সাখাওয়াত হোসেন, একে এম নাসের উজ্জ্বল ও সাবেক চেয়ারম্যান আবুল কাশেমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।