আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সিলেটের কানাইঘাটে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের উদ্যোগে পৃথক প্রস্তুতিমূলক ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় উপজেলার ৩৫টি পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্নের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌসের সভাপতিত্বে সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিজিবি ও আনসার-ভিডিপির কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম, বিএনপি, জামায়াত ও খেলাফত মজলিশের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সংগঠন ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ বক্তব্য দেন।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো দুষ্কৃতিকারী বা অশুভ শক্তি যাতে ধর্মীয় বিভাজন সৃষ্টি, নাশকতা কিংবা অপরাধমূলক কর্মকাণ্ড ঘটাতে না পারে, সে জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিটি পূজামণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির পাশাপাশি প্রশাসনের কর্মকর্তারাও সার্বক্ষণিক খোঁজখবর রাখবেন।
তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচারের মাধ্যমে যাতে ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
এদিকে বিকেল ৩টায় কানাইঘাট থানা প্রাঙ্গণে থানা পুলিশের উদ্যোগে আইনশৃঙ্খলা বিষয়ক আরেকটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৩৫টি পূজামণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যসহ বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ অংশ নেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কানাইঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নুর আলম।
তিনি বলেন, কানাইঘাটে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন করতে থানা পুলিশের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি পূজামণ্ডপের সার্বক্ষণিক খোঁজখবর রাখা হচ্ছে। পূজা শেষ না হওয়া পর্যন্ত সব মণ্ডপে পুলিশের নজরদারি অব্যাহত থাকবে।
তিনি নির্ধারিত সময়ের মধ্যে প্রতিমা বিসর্জন সম্পন্ন করার পাশাপাশি মণ্ডপের নিরাপত্তায় নিজস্ব উদ্যোগে স্বেচ্ছাসেবক নিয়োগের আহ্বান জানান। একই সঙ্গে ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে পূজা উদযাপনে হিন্দু সম্প্রদায়ের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নুর আলম আরও বলেন, কেউ ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ালে তার বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।