ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সুনামগঞ্জের শান্তিগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ শুরু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমার নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে শান্তিগঞ্জ বাজার পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শান্তিগঞ্জ বাজার কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।
অভিযানকালে উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং বংশবিস্তার রোধে বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনিক অভিযান যথেষ্ট নয়, সাধারণ মানুষের সচেতনতাও জরুরি। নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও পানি জমে থাকলে দ্রুত তা অপসারণ করতে হবে। প্রশাসন ও জনগণের সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার প্রতিরোধ করা সম্ভব।