শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে সিলেটের বিয়ানীবাজারে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে পৌরশহরের একটি রেস্টুরেন্টের হলরুমে আসন্ন দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মো. মাহফুজুল করিমের সভাপতিত্বে এবং এসআই গোপেশ দাসের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জকিগঞ্জ-বিয়ানীবাজার সার্কেলের সহকারী পুলিশ সুপার স্যামুয়েল সাংমা।
প্রধান অতিথির বক্তব্যে স্যামুয়েল সাংমা বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যাতে শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে পুলিশ কঠোর অবস্থানে থাকবে। পূজামণ্ডপে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা যাতে না ঘটে, সেজন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, পূজা চলাকালে প্রতিটি মণ্ডপে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন। এছাড়া প্রতিটি পূজামণ্ডপে পৃথক স্বেচ্ছাসেবক দল গঠন এবং সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।
সভায় বিয়ানীবাজার উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণাভ পাল চৌধুরী মোহন, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, বিয়ানীবাজার পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক বিবেকানন্দ দাস বিবেক, সাধারণ সম্পাদক সুশান্ত পালসহ উপজেলার বিভিন্ন সার্বজনীন পূজামণ্ডপের সভাপতি-সাধারণ সম্পাদক এবং ব্যক্তিগত পূজামণ্ডপের পরিচালকরা উপস্থিত ছিলেন।
সভায় দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ ও পূজা উদযাপন কমিটির মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।