সুনামগঞ্জের ছাতকে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় শিক্ষক দিবস-২০২৬ পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টায় ছাতক উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহি উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা অনুকূল চন্দ্র দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আহমদ, গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক সমিতির সভাপতি আতাউর রহমান, ছাতক সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরুজ্জামান, ছাতক সরকারি ডিগ্রি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান বেলাল আহমেদ চৌধুরী, মল্লিকপুর এসইউএসডিপি মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক কামাল উদ্দিন, ছাতক বাগবাড়ি সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বঙ্কিম আচার্য এবং মন্ডলীভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হেলালুল ইসলাম।
এ ছাড়া ছাতক উপজেলা ও পৌরসভার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা এবং শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে গুণী ও শ্রেষ্ঠ শিক্ষকদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।