শিক্ষকদের অবদান স্মরণ ও তাঁদের সম্মান জানাতে মৌলভীবাজারের কুলাউড়ায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও গুণী শিক্ষক সংবর্ধনার আয়োজন করা হয়।
সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন পর্যায়ের পাঁচজন গুণী শিক্ষককে সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. ফয়জুর রহমান ছুরুকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজনিন সুলতানা, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. খোরশেদ আলম, ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ এমদাদুল ইসলাম ভট্টো, নবীনচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তারা।
সভাশেষে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত পাঁচজন গুণী শিক্ষককে সম্মাননা ও ক্রেস্ট দেওয়া হয়। তাঁরা হলেন—কলেজ পর্যায়ে সহকারী অধ্যাপক মো. মাজহারুল ইসলাম, মাধ্যমিক পর্যায়ে সেলিম আহমদ, প্রাথমিক পর্যায়ে মোহাম্মদ মোশের্দ আলম, শিউলি আচার্য ও সোহানা আক্তার চৌধুরী।