রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

নৈতিক অবক্ষয় ও অপরাধ রোধে সামাজিক উদ্যোগ জরুরি: ছাতকের ইউএনও

জুয়া, মাদক, যৌতুক, বাল্যবিবাহ, শিশু ও নারী নির্যাতনের মতো নৈতিক অবক্ষয় ও অপরাধপ্রবণতা রোধে প্রশাসনিক ও আইনগত পদক্ষেপের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি বলে মন্তব্য করেছেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন।

রোববার (৪ অক্টোবর) ইসলামপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে মাদক, যৌতুক, বাল্যবিবাহ, শিশু ও নারী নির্যাতন প্রতিরোধে ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। একই অনুষ্ঠানে আল জালাল মহিলা মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

ইউএনও মহিউদ্দিন বলেন, অনলাইন প্রযুক্তির অতিরিক্ত ও অনিয়ন্ত্রিত ব্যবহারের কারণে নতুন প্রজন্মের একটি অংশ ডিজিটাল জুয়া ও নেশায় জড়িয়ে পড়ছে। এর প্রভাবে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ছে। নতুন প্রজন্মকে অপরাধ থেকে দূরে রাখতে অভিভাবক ও সামাজিক নেতৃবৃন্দকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, রাতের বেলায় খেলাধুলা বা অনিয়ন্ত্রিত আড্ডা পরিহার করে সন্তানদের লেখাপড়ায় মনোযোগী করার বিষয়ে অভিভাবকদের সচেতন হতে হবে।

মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে ও শিক্ষক মাওলানা কবির আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুফি আলম সোহেল, ইসলামপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গণি ও ইউপি সদস্য সাজ্জাদুর রহমান। স্বাগত বক্তব্য দেন ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বাহার উদ্দিন।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ইউপি সদস্য, মাদ্রাসার শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মাদ্রাসার ৫৩০ জন ছাত্রী ও শিক্ষিকার মধ্যে ছাতা এবং ৬০০ ছাত্রীর মধ্যে কলম বিতরণ করা হয়।

▐ এই সম্পর্কিত আরো