রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

গরু চুরি নিয়ে মিথ্যা অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্যের প্রতিবাদ

মৌলভীবাজারের কমলগঞ্জে গরু চুরি ও চোর আটককে কেন্দ্র করে কুলাউড়ার হাজীপুর ইউনিয়নের এক ইউপি সদস্যের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও মানহানিকর অপপ্রচারের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন হাজীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. গুলজার আহমদ।

রোববার বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশ সাংবাদিক সমিতি, কমলগঞ্জ ইউনিট কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ প্রতিবাদ জানান।

গুলজার আহমদ বলেন, সম্প্রতি কমলগঞ্জ উপজেলার সুনছড়া এলাকা থেকে যোগীবিল এলাকার এক গরু চোরকে পুলিশ আটক করে আদালতে পাঠিয়েছে। ওই ঘটনার পর একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে ‘বাড়ি থেকে চোরাই গরু উদ্ধার’ হয়েছে—এমন মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়াচ্ছে।

তিনি অভিযোগ করেন, পারিবারিক বিরোধের জেরে একটি কুচক্রী মহল দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছে। কিছু আইডি ও ফেক আইডি থেকে কোনো তথ্য যাচাই না করেই মানহানিকর পোস্ট দেওয়া হচ্ছে। এতে সামাজিকভাবে তার সম্মান ক্ষুণ্ন হচ্ছে।

গুলজার আহমদ আরও বলেন, তিনি প্রায় ১০ বছর ধরে দুই মেয়াদে ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি এলাকার মানুষের জানমালের নিরাপত্তা এবং সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কাজ করে আসছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া মানহানিকর পোস্টগুলো দ্রুত প্রত্যাহার না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এ বিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমর উদ্দীন বলেন, ‘একজন গরু চোরকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার রিমান্ডও চাওয়া হয়েছে। তবে কুলাউড়ার হাজীপুরের ওই ইউপি সদস্যের বাড়ি থেকে গরু উদ্ধারের কোনো তথ্য থানায় নেই।’

▐ এই সম্পর্কিত আরো