সুনামগঞ্জের ধর্মপাশায় ৮ পিস ইয়াবাসহ মাছুম মিয়া ও সাদ্দাম হোসেন নামে দুই যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
সোমবার দুপুর আড়াইটার দিকে উপজেলা সদরের বাহুটিয়াকান্দা গ্রামের সামনে এ ঘটনা ঘটে। আটক মাছুম মিয়া উপজেলার সেলবরষ ইউনিয়নের সৈয়দপুর গ্রামের মৃত শাহজাহান মিয়ার ছেলে এবং সাদ্দাম হোসেন সদর ইউনিয়নের আবুয়ারচর গ্রামের সন্তু মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরে সাদ্দাম হোসেন সদর ইউনিয়নের হলিদাকান্দা গ্রাম থেকে ইয়াবা নিয়ে ফেরার পথে স্থানীয়রা তাকে আটক করেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়। কিছুক্ষণ পর সাদ্দামের সহযোগী হিসেবে পরিচিত মাছুম মিয়া ঘটনাস্থলে এলে স্থানীয়রা তাকেও আটক করেন। পরে দুজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটক মাছুম মিয়া দাবি করেন, তিনি মোটরসাইকেল চালক। সাদ্দাম কোথাও যাওয়ার জন্য তার কাছ থেকে মোটরসাইকেল ভাড়া নিয়েছিলেন। সাদ্দাম আটক হওয়ার পর তাকে ঘটনাস্থলে আসতে বলা হলে তিনি সেখানে যান।
অন্যদিকে সাদ্দাম হোসেন দাবি করেন, সোমবার সকালে মাছুম মিয়া তাকে বাড়ি থেকে নিয়ে ইয়াবা আনতে পাঠিয়েছিলেন। এ কারণে তিনি ইয়াবা আনতে গিয়েছিলেন।
ধর্মপাশা থানার এসআই মো. রফিকুল ইসলাম বলেন, আটক দুজনের কাছ থেকে ৮ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।