সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নিয়মিত বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় মোট ৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া মাদকদ্রব্য ও চোরাই পণ্য উদ্ধারের পাশাপাশি ট্রাফিক আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১২টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি, মাদক কারবারি, সাজাপ্রাপ্ত এবং মেট্রোপলিটন অধ্যাদেশে ধৃত ব্যক্তিরা অন্তর্ভুক্ত রয়েছেন।
অভিযান চলাকালে পুলিশ ৩৩১ পিস ইয়াবা বড়ি এবং ১৮টি চোরাই ভারতীয় কম্বল উদ্ধার করে। উদ্ধারকৃত এসব মালামালের বিষয়ে সংশ্লিষ্ট থানায় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।
অন্যদিকে, একই সময়ে নগরীর বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পুলিশের পৃথক অভিযানে ৪৮টি যানবাহনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে শৃঙ্খলা ভঙ্গের দায়ে ২১টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ২৭টি যানবাহন আটক করা হয়।
এসএমপি জানিয়েছে, মহানগরীতে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।