মৌলভীবাজারের কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে নবীন বরণ উৎসব ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। প্রধান আকর্ষণ হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।
কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মোজাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে নুরুল ইসলাম সাদ্দাম বলেন, কলেজে ভর্তির পর শিক্ষার্থীদের সামনে নানা ধরনের আকর্ষণ তৈরি হয়। এগুলোর প্রতি আকৃষ্ট হয়ে যাতে শিক্ষার্থীরা নিজেদের লক্ষ্য থেকে বিচ্যুত না হয়, সেদিকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, মেধা ও মোটিভেশনের পাশাপাশি অধ্যবসায় ও পরিশ্রম জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এইচএসসির দুই বছর শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান তিনি। তাঁর ভাষ্য, নবীন বরণ আয়োজনের মাধ্যমে ছাত্রশিবির শিক্ষার্থীদের সচেতন করতে চায়।
অনুষ্ঠানে ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ বাজেট বরাদ্দ এবং কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানাবেন তারা। তিনি বলেন, ডাকসুর দায়িত্ব পাওয়ার পর শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করার চেষ্টা করছেন তারা।
ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেওয়ার সুযোগ পেলে ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, রাহাজানি ও দুর্নীতির বিরুদ্ধে কাজ করার প্রয়োজন রয়েছে। এ ধরনের বাংলাদেশ গঠনে নবীন শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য জহির উদ্দিন, সাবেক কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক শাহিন আহমদ খান, কুলাউড়া উপজেলা জামায়াতের আমির আব্দুল মুন্তাজিম, সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরী, কুলাউড়া পৌর জামায়াতের আমির মো. জাকির হোসেন, মৌলভীবাজার জেলা ছাত্রশিবিরের সভাপতি ফরিদ উদ্দিনসহ জেলা ও কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের হাতে কোরআন শরিফ ও ফুল তুলে দিয়ে বরণ করে নেওয়া হয়।