সুনামগঞ্জের শান্তিগঞ্জে মসজিদের ভেতর থেকে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ টাকা ও মোবাইল ফোন চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় অজ্ঞাতনামা এক যুবকের বিরুদ্ধে শান্তিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, রংপুর জেলার পীরগাছা থানার ছাসাস তালতলা গ্রামের মৃত নয়া মিয়ার ছেলে আজাদ মিয়া গত ৮ সেপ্টেম্বর শান্তিগঞ্জ থানায় অভিযোগটি দায়ের করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের উজানীগাঁও গ্রামসংলগ্ন উজানীগাঁও বাসস্টেশন জামে মসজিদে আজাদ মিয়াসহ কয়েকজন মুসল্লী তবলীগ জামাতের কাজে তিন দিন ধরে অবস্থান করছিলেন। গত ৮ সেপ্টেম্বর দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে মসজিদের ভেতরে কেউ না থাকার সুযোগে অজ্ঞাতনামা এক যুবক প্রবেশ করে মুসল্লীদের ব্যাগে থাকা নগদ ২৬ হাজার ৪০০ টাকা ও একটি বাটন মোবাইল ফোন নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।
পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও চুরি যাওয়া টাকা ও মোবাইলের সন্ধান না পেয়ে থানায় অভিযোগ করেন আজাদ মিয়া।
অভিযোগকারী জানান, থানায় অভিযোগ করার পর তিনি জানতে পারেন, চুরির ঘটনায় সন্দেহ করা যুবকের নাম হুসাইন আহমদ। তিনি উপজেলার দরগাপাশা ইউনিয়নের কাবিলাখাই গ্রামের মৃত হুশিয়ার ছেলে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
আজাদ মিয়ার দাবি, পরে তারা হুসাইন আহমদের বাড়িতে গেলে স্থানীয় কয়েকজনের কাছ থেকে জানতে পারেন, ওই যুবক বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করেন এবং সুযোগ পেলে মোবাইল ফোন ও টাকা চুরি করেন বলে স্থানীয়দের অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের স্বাধীন সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
এ বিষয়ে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অলি উল্লাহ বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।