মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

সিলেটে নাগরিক সংবর্ধনা মঞ্চে রাষ্ট্রপতি

সিলেটে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার বিকেল ৩টা ৪০ সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে নগর ভবন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে তিনি উপস্থিত হন।

এসময় তাকে স্বাগত জানান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রেজাই রাফিন সরকার।

এদিকে রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে সময়ের অনেক আগে থেকেই অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়েছেন সিলেটের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এছাড়াও জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তা, পেশাজীবী ও বিশিষ্ট নাগরিকেরাও অনুষ্ঠানে অংশ নিয়েছেন।

এর আগে সকালে সিলেটে পৌঁছান রাষ্ট্রপতি। বেলা ১১টা ২৭ মিনিটে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তিনি সিলেট সার্কিট হাউসে যান। সেখানে গার্ড অব অনার গ্রহণ করেন তিনি।

পরে রাষ্ট্রপতি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন। মাজার জিয়ারত শেষে সার্কিট হাউসে ফিরে কিছু সময় অবস্থান করেন তিনি।

সফরসূচি অনুযায়ী, বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত নগর ভবন প্রাঙ্গণে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে সিলেট অঞ্চলের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, রাজনৈতিক নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা বক্তব্য দেবেন।

নাগরিক সংবর্ধনা উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে সিলেটের ঐতিহ্যের স্মারক হিসেবে শীতল পাটি, চা গাছের রেপ্লিকা ও চা পাতা উপহার দেওয়ার কথা রয়েছে। রাষ্ট্রপতির স্ত্রী ফার্স্ট লেডির জন্য দেওয়া হবে মণিপুরী শাড়ি।

রাষ্ট্রপতির উপস্থিতিকে কেন্দ্র করে নগর ভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। অনুষ্ঠানস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

সফরসূচি অনুযায়ী, নাগরিক সংবর্ধনা শেষে রাষ্ট্রপতি সার্কিট হাউসে ফিরবেন। পরে সন্ধ্যায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়ে রাত ৮টায় তাঁর ঢাকার উদ্দেশে সিলেট ছাড়ার কথা রয়েছে।

এই সম্পর্কিত আরো