ছাতকে আওয়ামী লীগ নেতা হাজী স্বপন মিয়াকে পুলিশ হেফাজত থেকে ছেড়ে দেওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। এ ঘটনায় ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমানের প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
রোববার রাতে ছাতক পৌর শহরের তাহির প্লাজার সামনে থেকে সাধারণ জনতা হাজী স্বপন মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে পুলিশ হেফাজতে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। তবে রাতেই তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে স্থানীয় নেতারা দাবি করেছেন।
স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, হাজী স্বপনের সঙ্গে ছাতক থানার ওসির আর্থিক সম্পর্ক রয়েছে এবং অর্থের বিনিময়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে পুলিশের বক্তব্য জানা যায়নি।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাকী বিল্লাহ দাবি করেন, মোটা অংকের রফাদফার মাধ্যমে হাজী স্বপনকে ছেড়ে দেওয়া হয়েছে।
ছাতক পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সুমেনও একই ধরনের অভিযোগ করেন। তিনি দাবি করেন, হাজী স্বপনের মাধ্যমে ওসির অবৈধ আয় হয় এবং অর্থের বিনিময়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
এদিকে, হাজী স্বপনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও দাবি করেছেন স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতারা।
হাজী স্বপনকে ছেড়ে দেওয়া, নিষিদ্ধ সংগঠনের লোকজনের সঙ্গে কথিত যোগাযোগসহ বিভিন্ন অভিযোগের প্রতিবাদে সোমবার সন্ধ্যায় ছাতক শহরে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছেন তারা। সাধারণ জনতার ব্যানারে আয়োজিত এই কর্মসূচি থেকে ওসি মোহাম্মদ মিজানুর রহমানের প্রত্যাহারের দাবি জানানো হবে বলে জানিয়েছেন নেতৃবৃন্দ।