শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

কানাইঘাটে দপ্তর প্রধানদের সঙ্গে এমপি আবুল হাসানের মতবিনিময়

সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান বলেছেন, কানাইঘাটে সরকারের চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড নিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে বাস্তবায়ন করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তাদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টায় কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সভাকক্ষে দপ্তর প্রধানদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া ফেরদৌসের সভাপতিত্বে সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের সমস্যা, জনবল সংকট এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের অগ্রগতি ও পরিসংখ্যান তুলে ধরেন।

বিভিন্ন সরকারি দপ্তরের শূন্য পদ পূরণের বিষয়ে আশ্বাস দিয়ে এমপি আবুল হাসান বলেন, ইতোমধ্যে কানাইঘাট ও জকিগঞ্জের গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়নকাজ চলমান রয়েছে। শিগগিরই কানাইঘাট-গাজী বুরহান উদ্দিন সড়কের কাজ শুরু হবে। এছাড়া গ্রামীণ সড়ক ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, কানাইঘাট পৌরসভার টেকসই উন্নয়ন, নদীভাঙন প্রতিরোধ এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়নে সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে যোগাযোগ করা হয়েছে।

পর্যায়ক্রমে কানাইঘাট-জকিগঞ্জবাসীর প্রত্যাশা পূরণে এসব উন্নয়নকাজ শুরু করা হবে উল্লেখ করে তিনি বলেন, সরকারি উন্নয়নমূলক কাজ সঠিক পরিকল্পনার মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে কাজের প্রতিটি পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিত করে সবার অংশগ্রহণে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে হবে।

সভা শেষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ক্রীড়া সামগ্রী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্লাবের মধ্যে বিতরণ করেন সংসদ সদস্য আবুল হাসান। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন তিনি।

পরে মুফতি মোহাম্মদ আবুল হাসান এমপি কানাইঘাট মহিলা কলেজ পরিদর্শন করেন। সেখানে কলেজের গভর্নিং বডির সদস্য, শিক্ষক, এলাকার গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

মতবিনিময়কালে কলেজের বিভিন্ন সমস্যা ও সংকটের কথা এমপির কাছে তুলে ধরা হলে তিনি কলেজের সার্বিক পাঠদান কার্যক্রম সচল রাখা এবং প্রতিষ্ঠানটিকে এমপিওভুক্ত করার বিষয়ে তাঁর পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করার আশ্বাস দেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌসসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো