শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় আহত একটি মুখপোড়া হনুমানের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৬ নম্বর পুলসংলগ্ন মৌলভীবাজার রোডে ঢাকা-সিলেট মহাসড়ক পারাপারের সময় হনুমানটি সড়ক দুর্ঘটনায় আহত হয়।
এ সময় সিএনজি চালক অখিল মালাকার রাস্তার পাশে আহত হনুমানটিকে পড়ে থাকতে দেখেন। তিনি হনুমানটির মুখে পানি দেন এবং বাঁচানোর চেষ্টা করেন। পরে বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান।
খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা আহত হনুমানটিকে উদ্ধার করে উপজেলা প্রাণিসম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতালে নিয়ে যান।
পরে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে হনুমানটিকে মৃত ঘোষণা করেন।
মৃত মুখপোড়া হনুমানটি পরবর্তীতে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।