ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের পীরপুর বাজারে সরকারি খাস ভূমি জোরপূর্বক দখলের চেষ্টা এবং সেখানে স্থাপনা নির্মাণের উদ্যোগের অভিযোগ উঠেছে।
সরকারি সম্পত্তি রক্ষায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, পীরপুর বাজারের ওই সরকারি খাস জায়গাটি দীর্ঘদিন ধরে বাজারের সাধারণ মানুষের চলাচল ও বিভিন্ন জনসাধারণের কাজে ব্যবহৃত হয়ে আসছে।
সম্প্রতি স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে সরকারি খাস ভূমি দখলের চেষ্টা এবং সেখানে স্থাপনা নির্মাণের উদ্যোগ নেওয়ার অভিযোগ ওঠে। এতে বাজারের স্বাভাবিক পরিবেশ ও জনসাধারণের চলাচল ব্যাহত হওয়ার আ'শ'ঙ্কা করছেন স্থানীয়রা।
অভিযোগে বলা হয়েছে, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের পীরপুর বাজার এলাকার মল্লিকপুর গ্রামের এহসান গণির ছেলে চেরাগ আলী ও আব্দুল আজিজ জেএল-২০০, খতিয়ান নং-১, দাগ নং-১৮১-এর সরকারি ভূমিতে আইন অমান্য করে পিলার স্থাপন এবং ছোট-বড় কয়েকটি গাছ কাটার সঙ্গে জড়িত। অভিযোগের পরিপ্রেক্ষিতে সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মোজাহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে।
ঘটনাস্থল পরিদর্শন
গত ৮ সেপ্টেম্বর দুপুরে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. কামাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি সরকারি ভূমিতে স্থাপিত পিলার অপসারণ এবং সরকারি জায়গার গাছ না কাটার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করেন বলে জানা গেছে।
এ বিষয়ে অভিযুক্ত আব্দুল আজিজ বলেন, “কে বা কারা আমাদের বিরুদ্ধে অভিযোগ করেছে, তা আমাদের জানা নেই। কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আমি খরিদা সূত্রে ভূমির মালিক-এ সংক্রান্ত কাগজপত্রও দেখিয়েছি। তারপরও সরকারি ভূমি আমি দখল করতে চাই না এবং সরকারি ভূমি আমার দখলে নেই।
অভিযোগকারীরা ইউএনওর কাছে বিষয়টি সরেজমিনে তদন্ত করে পীরপুর বাজারের সরকারি খাস জমির সীমানা ও প্রকৃত অবস্থা নির্ধারণের পাশাপাশি দখলের চেষ্টা বন্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।
স্থানীয় লোকজনের দাবি, পীরপুর বাজারের সরকারি খাস জমির সঠিক সীমানা নির্ধারণ করে তদন্তের মাধ্যমে প্রকৃত অবস্থা স্পষ্ট করা হোক। একই সঙ্গে সরকারি সম্পত্তি অবৈধ দখল বা দখলের চেষ্টা থেকে রক্ষায় দ্রুত' প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হোক।