সুনামগঞ্জের জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপকে সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি শেরে আলম শেরু। সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় সভায় সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপের বিরুদ্ধে সংগঠনবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডের অভিযোগ নিয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তারা অভিযোগ করেন, সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে তৌহিদ চৌধুরী প্রদীপ প্রেসক্লাবের সর্বসম্মত সিদ্ধান্তের প্রতি অবজ্ঞা প্রদর্শন করে আসছিলেন। শৃঙ্খলাভঙ্গের দায়ে পূর্বে প্রেসক্লাব থেকে বহিষ্কৃত কয়েকজনের সঙ্গে যোগাযোগ রেখে তিনি সংগঠনের বিরুদ্ধে অবস্থান নেন বলেও সভায় অভিযোগ করা হয়। এ ছাড়া গত কয়েক মাসে প্রেসক্লাবের একাধিক সভায় তাঁর অনুপস্থিতির বিষয়টিও সভায় তুলে ধরা হয়।
তৌহিদ চৌধুরী প্রদীপের বিরুদ্ধে বারবার সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ ওঠায় প্রেসক্লাবের সহসভাপতি মো. জিয়াউর রহমান তাঁর বহিষ্কারের প্রস্তাব দেন। পরে উপস্থিত সদস্যরা আলোচনা করে প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করলে তৌহিদ চৌধুরী প্রদীপকে সভাপতির পদসহ সাধারণ সদস্য পদ থেকেও স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক বায়েজিদ বিন ওয়াহিদ, সহসাধারণ সম্পাদক দিল আহমেদ, সাংগঠনিক সম্পাদক বিশ্বজিত রায়, কোষাধ্যক্ষ মহসিন কবির, দপ্তর সম্পাদক আব্দুস সামাদ আফিন্দী, নির্বাহী সদস্য মো. ওয়ালী উল্লাহ সরকার, অঞ্জন পুরকায়স্থ, মো. হাবিবুর রহমান ও সাধারণ সদস্য আতিকুর রহমান।
সভায় প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে সিনিয়র সহসভাপতি শেরে আলম শেরুকে দায়িত্ব পালনের বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়। প্রেসক্লাবের প্রশাসনিক, সাংগঠনিক, দাপ্তরিক ও আনুষ্ঠানিক কার্যক্রম, পত্র আদান-প্রদান এবং যোগাযোগের ক্ষেত্রে ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে যোগাযোগ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।