সন্ন্যাসীর বেশ ধারণ করে কাষ্টঘরে আত্মগোপনে ছিলেন একাধিক মামলার আসামি রাজীব। বাইরে থেকে সন্ন্যাসী মনে হলেও পুলিশের খাতায় তিনি একাধিক মামলার ‘দাগি আসামি’। শেষ পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চাকুসহ তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে নগরের কাষ্টঘর এলাকায় বন্দরবাজার ফাঁড়ি পুলিশ ও ডিবি সিআরটি স্পেশাল টিম যৌথ অভিযান চালিয়ে রাজীবকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার রাজীব কোতোয়ালি মডেল থানার মামলা নম্বর ২৪(৮)২৬-এর পুলিশ অ্যাসল্ট মামলার এজাহারনামীয় প্রধান আসামি। এছাড়া তার বিরুদ্ধে একটি অস্ত্র আইনের মামলা, দুটি দস্যুতা মামলা এবং একটি বিশেষ ক্ষমতা আইনের মামলাসহ পাঁচটির বেশি মামলা রয়েছে।
পুলিশের দাবি, একাধিক মামলার আসামি হওয়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ এড়াতে রাজীব বিভিন্ন সময়ে ছদ্মবেশ ধারণ করে আত্মগোপনে থাকতেন। গ্রেপ্তারের আগেও তিনি সন্ন্যাসীর বেশ ধারণ করে কাষ্টঘর এলাকায় অবস্থান করছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর বন্দরবাজার ফাঁড়ি পুলিশ ও ডিবি সিআরটি স্পেশাল টিম সেখানে যৌথ অভিযান চালায়। এ সময় সন্ন্যাসীর বেশে থাকা রাজীবকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। অভিযানে তার কাছ থেকে একটি চাকু উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, রাজীবের বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।