শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

ছাতকে ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

‘মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি ইনসাফের বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের ছাতকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উপজেলা আদর্শ শাখার উদ্যোগে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) গোবিন্দগঞ্জের তানজিনা কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে জিপিএ-৫ প্রাপ্ত প্রায় ৫০০ শিক্ষার্থী অংশ নেয়।

উপজেলা ছাত্রশিবিরের সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি নাঈমুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে। তেলাওয়াত করেন গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজ ছাত্রশিবিরের সেক্রেটারি মাহফুজুর রহমান। শিক্ষার্থীদের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্য দেন গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রশিবিরের সভাপতি হাবিবুর রহমান জুনেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক মাহমুদুল হাসান। আমন্ত্রিত প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আব্দুস সালাম আল মাদানী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা ছাত্রশিবিরের সভাপতি শাহরিয়ার ফাহিম, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য শাহিনুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাতক উপজেলার সাবেক আমির মাওলানা জালাল উদ্দিন, সুনামগঞ্জ জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও ছাতক উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ জাকির হোসাইন, সাবেক সেক্রেটারি এটিএম আব্দুল তাহিদ, জেলা শিবিরের আইন সম্পাদক মাসুদ আহমদ, সাবেক প্রচার সম্পাদক আব্দুল মমিনসহ উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও সেক্রেটারিবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুল হাসান বলেন, “তোমরাই আগামীর বাংলাদেশ। তোমাদের এই কৃতিত্বকে মূল্যায়ন করাকে আমরা আমাদের দায়িত্ব বলে মনে করি। ইসলামী ছাত্রশিবির তোমাদের সঙ্গে নিয়ে ইনসাফের বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখে। মেধার সঙ্গে সততার সমন্বয় করতে পারলেই তোমাদের হাত ধরে আগামীর বাংলাদেশকে একটি ইনসাফপূর্ণ দেশ হিসেবে গড়ে তোলা সম্ভব।”

ডাকসুর কার্যনির্বাহী সদস্য শাহিনুর রহমান বলেন, “জীবনের লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে যাওয়াই ভবিষ্যৎ জীবনে সফলতা অর্জনের অন্যতম প্রধান শর্ত। সুনির্দিষ্ট লক্ষ্য ঠিক করে সামনের দিকে এগিয়ে গেলে সফলতা আসবেই।”

অনুষ্ঠানে আগত শিক্ষার্থীদের মধ্য থেকে তিনজন তাদের অনুভূতি ব্যক্ত করেন। এছাড়া উপস্থিত অভিভাবক ও শিক্ষকরা ছাত্রশিবিরের এ উদ্যোগকে যুগোপযোগী ও কার্যকর পদক্ষেপ হিসেবে উল্লেখ করে প্রশংসা করেন।

এই সম্পর্কিত আরো