সুনামগঞ্জের দিরাইয়ে ৩০ পিস ইয়াবাসহ সোহানুর রহমান সনি (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে দিরাই পৌরসভার দাউদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সোহানুর রহমান সনি দাউদপুর গ্রামের মো. আবদুল শহিদের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সুনামগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় এবং দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল দাউদপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সোহানুর রহমানের বসতবাড়ির সামনের রাস্তা থেকে তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহানুর রহমান জানিয়েছেন, ঘাগটিয়া গ্রামের নুরুল আমিন (৪০) নামে এক ব্যক্তির সহযোগিতায় বিক্রির উদ্দেশ্যে ইয়াবা কিনে নিজের হেফাজতে রেখেছিলেন তিনি। এ ঘটনায় নুরুল আমিনকে পলাতক আসামি করা হয়েছে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ৩০ পিস ইয়াবাসহ সোহানুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাদকের সঙ্গে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেপ্তার সোহানুর রহমানকে আইন অনুযায়ী আদালতে সোপর্দ করা হবে।