মৌলভীবাজারের বড়লেখায় চাঞ্চল্যকর গৃহবধূ মরিয়ম আক্তার মুন্নির মৃত্যুর রহস্য উদঘাটিত হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনে চিকিৎসকরা মুন্নির মৃত্যুকে ‘আত্মহত্যা’ বলে উল্লেখ করেছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ময়নাতদন্তের প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেন।
সংবাদ সম্মেলনে ওসি জানান, ৩ সেপ্টেম্বর প্রাপ্ত ময়নাতদন্ত প্রতিবেদনে চিকিৎসক উল্লেখ করেছেন— ‘Death was due to asphyxia resulting from hanging which was antemortem and suicidal in nature.’ অর্থাৎ, ঝুলে থাকার কারণে শ্বাসরোধে তাঁর মৃত্যু হয়েছে এবং এটি একটি আত্মহত্যাজনিত ঘটনা।
পুলিশ সূত্রে জানা যায়, ২১ আগস্ট বিকেল ৫টার দিকে বড়লেখা উপজেলার মুরিরগুল গ্রামে নিজ বসতবাড়ির টয়লেটের তীরের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় মুন্নির লাশ উদ্ধার করা হয়। সে সময় মুন্নির বাবা হাজী মকবুল আলী তাঁর মেয়ের মানসিক অসুস্থতার কাগজপত্র দেখিয়ে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের আবেদন করেছিলেন। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে পুলিশ ময়নাতদন্তের সিদ্ধান্তে অটল থাকে এবং ফৌজদারি কার্যবিধির ১৭৪ ধারায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে লাশ মৌলভীবাজার সদর হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠায়।
এরই মধ্যে মুন্নির পরিবার ও স্বজনরা বড়লেখা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে দাবি করেন, এটি আত্মহত্যা নয় বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। তাঁদের অভিযোগ ছিল—শাশুড়ি, ননদ ও ভাসুর মিলে মুন্নিকে নির্যাতনের পর হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক প্রচারণা চালানো হয় এবং জুমার নামাজের পর বড়লেখা শহীদ মিনারে মানববন্ধনের ডাক দেওয়া হয়।
ওসি মনিরুজ্জামান আরও বলেন, ‘পরিবারের অভিযোগগুলো আমরা গুরুত্বের সঙ্গে নিয়েছি। যদিও ময়নাতদন্তে আত্মহত্যার বিষয়টি স্পষ্ট হয়েছে, তবুও পরিবার যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ দেয়, তবে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’
সংবাদ সম্মেলনে পুলিশের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দা ও নেটিজেনদের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়। ওসি বলেন, কোনো ঘটনার সঠিক তথ্য ও আইনি ভিত্তি নিশ্চিত হওয়ার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর বা উসকানিমূলক কোনো পোস্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে। এ ধরনের অপপ্রচার জনমনে বিভ্রান্তি সৃষ্টির পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে।
বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে এবং পুলিশ পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।