সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জন্মাষ্টমী উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা, শোভাযাত্রা, চিত্রাঙ্কন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী কর্মসূচির প্রথম দিনে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে শহরের কেন্দ্রীয় শ্রী শ্রী কালীবাড়ী নাটমন্দির প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষাবিদ পরিমল কান্তি দে।
বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে জন্মাষ্টমী উদযাপন পরিষদ জেলা শাখার সভাপতি পরিমল তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কুশল রাজ পালের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন সুনামগঞ্জ ইসকনের প্রধান রাধেশ্যাম প্রভু, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাবেক সভাপতি অ্যাডভোকেট রাধাকান্ত সূত্রধর, জেলা ব্রাহ্মণ সংসদের সভাপতি নারায়ণ চক্রবর্তী, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক শংকর কুমার দাস, পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সভাপতি গৌরাঙ্গ পদ দাস, সিলেট এসএমপির অতিরিক্ত পুলিশ সুপার নির্মল চক্রবর্তী, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্তী, পূজা উদযাপন পরিষদের সহসভাপতি কলি তালুকদার আরতি এবং সাবেক সভাপতি অ্যাডভোকেট বিমান কান্তি রায় প্রমুখ।
অনুষ্ঠানে সদর মডেল থানার (সার্কেল) চাতক চাকমা, ওসি রতন সেখ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট জেলা শাখার আহ্বায়ক অশোক তালুকদার, পূজা ফ্রন্ট জেলা শাখার যুগ্ম আহ্বায়ক রামকৃষ্ণ তালুকদার সবুজসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মসূচির শুরুতে সকাল ১০টায় শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে দুপুর ১২টায় কালীবাড়ী নাটমন্দির প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। শোভাযাত্রা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়।