সিলেটের কানাইঘাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় কানাইঘাট উপজেলা বিএনপির উদ্যোগে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। দুপুরের পর থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে কানাইঘাট পৌরশহরের ইউনিক কমিউনিটি সেন্টারের মাঠে জড়ো হতে থাকেন।
পরে সেখান থেকে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে আনন্দ শোভাযাত্রা বের হয়। নেতাকর্মীদের হাতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি সংবলিত ব্যানার ও ফেস্টুন ছিল।
শোভাযাত্রাটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কানাইঘাট বাজারের ত্রিমুহনী পয়েন্টে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি মামুন রশিদ মামুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাজ উদ্দিন সাজুর সঞ্চালনায় পথসভায় বক্তব্য দেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সহসভাপতি ও বর্তমান কমিটির সিনিয়র সদস্য এবং কলামিস্ট অধ্যাপক এম ফরিদ উদ্দিনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর ঢাকার রমনা পার্কে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বিএনপির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর চার দশকের বেশি সময়ে নানা চড়াই-উতরাই পেরিয়ে দলটি বর্তমানে তারেক রহমানের নেতৃত্বে সরকার পরিচালনা করছে।
বক্তারা আরও বলেন, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হন। এরপর ১৯৮৩ সালের ২১ ফেব্রুয়ারি বিএনপির হাল ধরেন তাঁর সহধর্মিণী বেগম খালেদা জিয়া। দীর্ঘ রাজনৈতিক আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বিএনপি দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছে।
তারা বলেন, দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসন ও শোষণের অবসানের পর অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ আবারও বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। জনগণের কাছে জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে বিএনপি জনগণের ভালোবাসার প্রতিদান দিতে চায়।
বক্তারা আরও বলেন, বাংলাদেশকে একটি জনকল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি সরকার কাজ করে যাচ্ছে। দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস। বিএনপির মূল লক্ষ্য একটি জনকল্যাণমূলক, গণতান্ত্রিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা।
এ সময় উপজেলা বিএনপি, পৌর বিএনপি, বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।