শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

শান্তিগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সুনামগঞ্জের শান্তিগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। এর আগে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে পদযাত্রা করে উপজেলা যুবদলের একটি মিছিল এবং বিএনপির বিভিন্ন ইউনিটের পৃথক মিছিল অনুষ্ঠানস্থলে এসে মিলিত হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী জালাল উদ্দীনের সভাপতিত্বে এবং প্রথম যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগর ও যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম নাঈমের যৌথ সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য এম কয়ছর আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে এম কয়ছর আহমদ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে এবং যুদ্ধে অংশগ্রহণ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রেখেছেন। পরবর্তীতে গণতন্ত্র রক্ষার জন্য তাঁর দূরদর্শী চিন্তা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠিত হয়।

তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষজন বিশ্বাস করেন, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য দেশে একটিমাত্র দলই আছে, তার নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল।’

কয়ছর আহমদ আরও বলেন, নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপি সরকার গঠন করেছে। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং দলের লক্ষ্য ও বার্তা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।

উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘শুধু রাস্তাঘাট আর কালভার্ট নির্মাণ করাই উন্নয়ন নয়। মূল উন্নয়ন হলো শিক্ষা ও স্বাস্থ্য।’ এসব খাতে সরকার গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে তিনি ছেলে-মেয়েদের সুশিক্ষিত করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

মাদক প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, ‘মাদক আমার দুই উপজেলায় ক্যানসারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা দুই উপজেলাকে মাদকমুক্ত করে ছাড়ব, ইনশাআল্লাহ।’

সভায় আরও বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আনছার উদ্দিন, সদস্য মোহাম্মদ ফারুক আহমদ, উপজেলা বিএনপির সদস্য নুর আলী, যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাবুল, যুগ্ম আহ্বায়ক আব্দাল হোসেন, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশীদ আমিন, পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আওলাদ হোসেন, পূর্ব বীরগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক তোফায়েল আহমদ, যুগ্ম আহ্বায়ক সাইকুল হোসেন, জয়কলস ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হোসাইন আহমদ এবং উপজেলা যুবদলের আহ্বায়ক সুহেল মিয়া।

এ সময় শান্তিগঞ্জ উপজেলা বিএনপি, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাহবুবা কমিউনিটি সেন্টারের সামনে গিয়ে শেষ হয়।

এই সম্পর্কিত আরো