সড়ক দুর্ঘটনা প্রতিরোধে উপজেলা প্রশাসনের নির্দেশনার পর জামালগঞ্জ উপজেলার সব অটোরিকশায় সেফটি বার/গ্রিল লাগানো হয়েছে। এতে যাত্রীদের নিরাপত্তা বাড়ার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকি কমবে বলে মনে করছেন স্থানীয় সচেতনমহল।
জানা যায়, জামালগঞ্জে অটোরিকশার বেপরোয়া চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনার ঘটনা ঘটছে। এ অবস্থায় দুর্ঘটনা প্রতিরোধে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে অটোরিকশা চালনার ক্ষেত্রে কয়েকটি নির্দেশনা দেওয়া হয়। এর মধ্যে প্রতিটি অটোরিকশার ডান পাশে বাধ্যতামূলকভাবে সেফটি বার/গ্রিল স্থাপনের নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যেই অটোরিকশাগুলোতে সেফটি গ্রিল লাগানো হয়েছে। এ ছাড়া শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া আদায় এবং ১৮ বছরের নিচে কোনো ব্যক্তিকে অটোরিকশা চালাতে না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
যাত্রী হাসান আহমেদ বলেন, আগে অটোরিকশায় ওঠানামার সময় ঝুঁকি মনে হতো। এখন সেফটি গ্রিল থাকায় অনেকটা নিরাপদ বোধ করছি। প্রশাসনের এই উদ্যোগ প্রশংসনীয়।
অটোরিকশাচালক সুমন আহমেদ জানান, সেফটি গ্রিল লাগানোর ফলে যাত্রীরা এক পাশ দিয়ে নিরাপদে ওঠানামা করতে পারছেন। বিশেষ করে শিশু, শিক্ষার্থী ও বয়স্ক যাত্রীদের জন্য এটি বেশি নিরাপদ হবে।
জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তাসলিমা আক্তার জানান,অটো রিকাশায় শিক্ষার্থীদের অন্যান্য যাত্রীদের সমপরিমান ভাড়া নেওয়া হতো। বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক স্যারের নির্দেশনা দেওয়ার পর থেকে সকল শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেওয়া হচ্ছে। এতে করে সকল শিক্ষার্থীরা উপকৃত হচ্ছে। ধন্যবাদ জানাই উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যারকে।
জামালগঞ্জ উপজেলা অটোরিকশা সমিতির সভাপতি শিপন সরকার বলেন, উপজেলা প্রশাসনের নির্দেশনা আমরা গুরুত্বের সঙ্গে নিয়েছি। যাত্রীদের নিরাপত্তার জন্য সব অটোরিকশায় সেফটি গ্রিল লাগানো হয়েছে। ভবিষ্যতেও প্রশাসনের যেকোনো জনকল্যাণমূলক নির্দেশনা বাস্তবায়নে আমরা সহযোগিতা করব। চালকদেরও নিয়ম মেনে গাড়ি চালানোর জন্য বলা হয়েছে।
জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শিল্পী রাণী মোদক বলেন, যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা এবং দূর্ঘটনা এড়াতে অটোরিকশায় সেফটি বার/গ্রিল লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে। অটোরিকশা মালিক ও চালকরা সহযোগিতা করে নির্দেশনাটি বাস্তবায়ন করেছেন, এটি অত্যন্ত ইতিবাচক। আমরা চাই, চালকরা বেপরোয়া গতি পরিহার করে সতর্কতার সঙ্গে গাড়ি চালাবেন। পাশাপাশি শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া এবং ১৮ বছরের কম বয়সীদের অটোরিকশা চালানো থেকে বিরত রাখার নির্দেশনাও মেনে চলতে হবে। অন্যথায় বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।