ধান কাটার সময় হঠাৎ পায়ের ওপর দিয়ে অজগর সাপ চলে যাওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। জমিতে কাজ করার সময় দেবেন্দ্র ও সজল নামের দুই ব্যক্তি আচমকা তাদের পায়ের ওপর দিয়ে কিছু একটা চলে যাওয়ার অনুভূতি পান। পরে তাকিয়ে দেখেন, সেটি কোনো সাধারণ প্রাণী নয়—একটি অজগর সাপ!
শনিবার (২৯ আগস্ট) উপজেলার সাতগাঁওয়ের খিলগাঁও গ্রামে ধানক্ষেতে ধান কাটার সময় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ধান কাটার সময় হঠাৎ দেবেন্দ্র ও সজল অনুভব করেন, তাদের পায়ের ওপর দিয়ে কী যেন চলে গেছে। বিষয়টি বুঝতে না পেরে তারা আশপাশে তাকালে দেখতে পান, একটি অজগর সাপ ধানক্ষেতের মধ্য দিয়ে চলে যাচ্ছে। এতে তারা আতঙ্কিত হয়ে পড়েন।
পরে বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানানো হয়। খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছান। তারা অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
উদ্ধারের পর অজগরটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। বন বিভাগের মাধ্যমে সাপটিকে উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করার ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।
ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়। কৃষকরা ধান কাটার সময় সতর্ক থাকার পাশাপাশি বন্যপ্রাণী দেখলে আতঙ্কিত না হয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা বন্যপ্রাণী উদ্ধারকারী সংগঠনকে খবর দেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।