মৌলভীবাজারের কুলাউড়ায় বিভিন্ন দেশে থাকা এলাকার প্রবাসীদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার ভূকশিমইল ইউনিয়নের সাদিপুর সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে উত্তর সাদিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সমাজসেবক মজিদ মিয়ার সভাপতিত্বে ও সাইদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কুলাউড়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও ভুকশিমইল ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী গিয়াস উদ্দিন মোল্লা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রবাসীরা হলেন দেশের চালিকা শক্তি। দেশের উন্নয়ন অগ্রযাত্রায় প্রবাসীদের ভূমিকা অপরিসীম। দেশের অর্থনীতির যেসব খাত নিয়ে আমরা গর্ব করি তার একটি হচ্ছে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স। চাওয়া-পাওয়ার অনেকটাই নির্ভর করে প্রবাসীদের ওপর ভরসা করে। প্রবাসীরা পরিবার ও দেশকে এগিয়ে নিতে তাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করে যান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভুকশিমইল ইউনিয়নের সাবেক মেম্বার আব্দুস সালাম, ইমরান আলী, শামীম আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রবাসী ফখরুল ইসলাম, মোঃ হাতিম আলী।
অনুষ্ঠানে বক্তব্য দেন প্রবাসী সাইদুর রহমান তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, জন্মভূমি নাড়িরটান কখনো ভোলা যায় না। আজ আমরা গর্বিত আপনাদের পক্ষ থেকে এমন মূল্যায়ন পেয়ে। এ ভালোবাসা কখনো ভুলবো না। আজ থেকে আমাদের দায়বদ্ধতা আরও বেড়ে গেল। দেশের উন্নয়নে যেকোনো সামাজিক কর্মকাণ্ডে কাজ করে যাব।
আলোচনা সভা শেষে প্রবাসীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এসময় অনুষ্ঠানে স্থানীয় সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্নস্থরের জনসাধারণ উপস্থিত ছিলেন।