মৌলভীবাজারের কুলাউড়া পৌরশহরের প্রধান সড়কে যত্রতত্র সিএনজি অটোরিকশা পার্কিংয়ের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে সাতটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে। একই সঙ্গে সাইদুর রহমান নামে এক শ্রমিককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পৃথক দুটি মামলায় মোট ৫ হাজার টাকা জরিমানাও আদায় করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) দুপুর ১২টা থেকে বেলা সাড়ে ১টা পর্যন্ত পৌরশহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে যত্রতত্র সিএনজি পার্কিংয়ের দায়ে সাতটি অটোরিকশা জব্দ করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার জিম্মায় দেওয়া হয়। এ ছাড়া পৃথক দুটি মামলায় মোট ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় সাইদুর রহমানকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস। অভিযানে কুলাউড়া থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।
সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস বলেন, পৌরশহরের প্রধান সড়কে যত্রতত্র সিএনজি পার্কিংয়ের কারণে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে এবং সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছেন। শহরের মূল সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা ও যানজট নিরসনে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। আইন অমান্য করে যেখানে-সেখানে যানবাহন পার্কিং করলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন শহরে আসা সাধারণ মানুষ ও পথচারীরা। তাদের অভিযোগ, বাজারের গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথের পাশে যত্রতত্র সিএনজি দাঁড় করিয়ে রাখায় প্রায়ই যানজট সৃষ্টি হয়। এতে পথচারীদেরও দুর্ভোগ পোহাতে হয়। নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি নির্দিষ্ট স্থানে সিএনজি পার্কিংয়ের ব্যবস্থা করা হলে যানজট অনেকটাই কমবে বলে মনে করছেন তারা।
তবে আকস্মিক অভিযান, জরিমানা ও গাড়ি আটকের প্রতিবাদে সিএনজি শ্রমিকরা বিক্ষোভ মিছিল করেছেন। পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারাও এ সময় প্রতিবাদ জানান।
কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার বলেন, গত সপ্তাহে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সিএনজি শ্রমিক নেতা ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের উপস্থিতিতে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে প্রতিটি স্ট্যান্ডে সর্বোচ্চ দুটি করে সিএনজি রাখার সিদ্ধান্তও ছিল। সোমবার থেকে তা কার্যকর করা হয়। কিন্তু পরিস্থিতি আগের মতো থাকায় জনস্বার্থে বুধবার সহকারী কমিশনার (ভূমি) অভিযান পরিচালনা করেন।