সিলেটের বিয়ানীবাজারে অভিযান চালিয়ে অনলাইন জুয়া চক্রের ছয় সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়া খেলার কাজে ব্যবহৃত ছয়টি স্মার্টফোন জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে বিয়ানীবাজার উপজেলার চারখাই বাজারের একটি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব-৯-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল।
আটক ব্যক্তিরা হলেন বিয়ানীবাজারের গোলাঘাট গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে দুলাল আহমদ (৩০), পূর্বখলা গ্রামের মৃত খসরু মিয়ার ছেলে জামিল আহমদ (২৪), কচকটখা গ্রামের মৃত কুতুব আলীর ছেলে পাভেল আহমদ (২৭), করগ্রামের মৃত ইলিয়াস আলীর ছেলে সাবু আহমদ (৩২), কচকটখা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে জাবের আহমদ (২৯) এবং লাংলাকোনা গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে মো. জসিম আহমদ (৩১)।
র্যাব-৯ জানায়, রামদা বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারে, চারখাই বাজারের একটি রেস্তোরাঁয় কয়েকজন ব্যক্তি অনলাইনে জুয়া খেলছেন। পরে রাত আনুমানিক ৯টা ৩৫ মিনিটে র্যাবের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে।
র্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলেও ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছয়টি স্মার্টফোন জব্দ করা হয়।
র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা বিভিন্ন নিষিদ্ধ ওয়েবসাইট ও অ্যাপ ব্যবহার করে দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। জব্দ করা মোবাইল ফোনগুলো পরীক্ষা করে অনলাইন জুয়া খেলার বিভিন্ন আলামত পাওয়ার কথাও জানিয়েছে সংস্থাটি।
পরে আটক ছয়জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। জব্দ করা মোবাইল ফোন ও অন্যান্য আলামতসহ তাদের বিয়ানীবাজার থানায় হস্তান্তর করেছে র্যাব-৯।
অনলাইন জুয়া ও এর সঙ্গে জড়িত চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাব।