শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতঘরের সিলিংয়ের ওপর থেকে ১২ ফুট লম্বা ও ১৬ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) রাত সাড়ে ৯টার দিকে শ্রীমঙ্গল ৫ নম্বর পুল এলাকার রুশন আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, রাতে ঘরে ঘুমানোর সময় হঠাৎ সিলিংয়ের ওপর একটি সাপ দেখতে পান রুশন আলী। সাপটি দেখে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে ঘর থেকে বের হয়ে যান। পরে বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানানো হয়।
খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে উপস্থিত হন। সেখানে গিয়ে তারা দেখতে পান, সাপটি ঘরের সিলিংয়ের ওপর ঝুলে আছে। পরে সতর্কতার সঙ্গে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
উদ্ধারকারীরা জানান, এটি একটি অজগর সাপ। সাপটির দৈর্ঘ্য প্রায় ১২ ফুট এবং ওজন ১৬ কেজি।
পরে উদ্ধার করা অজগর সাপটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। বন বিভাগ পরবর্তী সময়ে সাপটিকে নিরাপদ প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানা গেছে।