মৌলভীবাজারের কুলাউড়া শহরের যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে সিএনজি অটোরিকশা মালিক-শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস, কুলাউড়া থানার ওসি শেখ জহিরুল ইসলাম মুন্না, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক আহ্বায়ক রেদোয়ান খান, সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমদ, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনিরসহ সিএনজি অটোরিকশার মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় কুলাউড়া শহরের যানজট কমাতে সিএনজি অটোরিকশা নির্দিষ্ট স্থানে রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। এ লক্ষ্যে শহরের সাতটি অস্থায়ী স্ট্যান্ডে দুটি করে সিএনজি অটোরিকশা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একই সঙ্গে সড়কের ওপর যত্রতত্র সিএনজি অটোরিকশা দাঁড় করিয়ে রাখা এবং নির্ধারিত স্থান ছাড়া যাত্রী ওঠানামা না করানোর বিষয়ে মালিক ও শ্রমিক নেতৃবৃন্দকে সতর্ক করা হয়। শহরের সড়কে শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়।