হবিগঞ্জের বানিয়াচংয়ে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে ব্যাপক অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। এ অভিযোগে বিক্ষোভ করেছেন নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া বঞ্চিতরা। একপর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন তারা।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা ছাত্রদলের নেতাকর্মী ও নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া বঞ্চিতরা মিছিল নিয়ে উপজেলা পরিষদের সমাজসেবা কার্যালয়ের সামনে অবস্থান নেন। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা না থাকা ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে তারা ফলাফল বাতিল এবং পুনরায় যাচাই-বাছাইয়ের দাবি জানান। এ সময় বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা।
একপর্যায়ে বিক্ষোভকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও করেন। এ সময় ইউএনও মাহমুদা আক্তার সাথীকে অবরুদ্ধ করে তার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে।
বিক্ষোভকারীদের অভিযোগ, আওয়ামী লীগ পরিবারের সঙ্গে সম্পৃক্ত ছাত্রলীগ ও যুবলীগের পদধারীদের সুযোগ দেওয়া হলেও ছাত্রদলের যোগ্য নেতাকর্মীদের বাদ দেওয়া হয়েছে।
এর আগে বুধবার (১২ আগস্ট) রাত ১০টার দিকে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগের ফলাফল প্রকাশ করা হয়। নিয়োগ কমিটির সদস্যসচিব ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রধান তার ফেসবুক আইডিতে ফলাফলের তালিকা প্রকাশ করেন। ফলাফল প্রকাশের পরপরই তালিকায় অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়।
অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার সাথীর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। হোয়াটসঅ্যাপে ক্ষুদে বার্তা পাঠানো হলেও তার কোনো জবাব পাওয়া যায়নি।
তবে অভিযোগের বিষয়ে ফ্যামিলি কার্ড শুমারি নিয়োগ কমিটির সদস্যসচিব ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রধান বলেন, “স্বচ্ছতার ভিত্তিতেই ফলাফল প্রকাশ করা হয়েছে।”
তবে ফলাফল প্রকাশের আগে উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসাইন মারুফ ও সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখনের সঙ্গে সমন্বয় করে তালিকা প্রকাশ করা হয়েছে বলে জানান তিনি। সাইফুল ইসলাম প্রধানের দাবি, বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক তালিকা দেখে কিছু নাম যোগ-বিয়োগ করেছেন। বিএনপির দুই গ্রুপ থেকেই তালিকায় নাম রাখা হয়েছে বলেও দাবি করেন তিনি।
ফলাফল স্থগিত করা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, “এ বিষয়ে আমার কিছু জানা নেই।”