সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায় দায়িত্ব গ্রহণের পরপরই মাদক, চোরাচালান ও অপরাধ দমনে কঠোর অবস্থান নিয়েছে গোয়াইনঘাট থানা পুলিশ। নতুন অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক মণ্ডল দায়িত্ব নেওয়ার পরপরই পরিচালিত বিশেষ অভিযানে ভারতীয় মদ, বিয়ার, গাঁজা ও ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৪ জুলাই) গোয়াইনঘাট থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, পৃথক পৃথক অভিযানে গ্রেপ্তার হওয়া চারজনের কাছ থেকে ২০ বোতল ভারতীয় মদ (মোট ৭.৫ লিটার), ১২ বোতল ভারতীয় বিয়ার (মোট ৭.৮ লিটার), ২০ পুড়িয়া গাঁজা (মোট ৪০ গ্রাম) এবং ১৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা সব মাদকদ্রব্য জব্দ করেছে পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক মণ্ডল বলেন, ‘গোয়াইনঘাটে মাদক, চোরাচালান ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশের অবস্থান অত্যন্ত কঠোর। মাদকের বিষয়ে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না। জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত থাকবে।’
সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায় নতুন ওসির দায়িত্ব গ্রহণের পরপরই মাদকবিরোধী অভিযান জোরদার হওয়ায় স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণে পুলিশের সক্রিয় ভূমিকা আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।