সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন ‘মানবতার ঘর’-এর সফল উদ্যোক্তা ও সিনিয়র সদস্য মো. ইকবাল হোসেনের স্থায়ীভাবে যুক্তরাজ্যে গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ জুলাই) বিকেলে সিংগেরকাছ বাজারস্থ ‘মানবতার ঘর’-এর কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আবারক আলী। সঞ্চালনা করেন সংগঠনের অন্যতম সদস্য ফাহিম আহমদ ইমন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ মো. আরব খান।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে মো. ইকবাল হোসেন সংগঠনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ২০১৯ থেকে ২০২৬ সাল পর্যন্ত ‘মানবতার ঘর’-এর মোট ৭১ লাখ ৭০ হাজার ১০৫ টাকা আয়-ব্যয়ের হিসাব সদস্যদের সামনে উপস্থাপন করেন। তিনি সংগঠনের সকল সদস্য, শুভাকাঙ্ক্ষী ও দাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতেও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শেখেরগাঁও হাবিবিয়া হাফিজিয়া এতিমখানা ও মাদরাসার শিক্ষক হাফিজ দিলোয়ার হোসেন।
শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সদস্য ওলিউর রহমান সাজন এবং প্রতিষ্ঠাকালীন সদস্য শেখ মহিন আহমদ নেপুর। এছাড়া বক্তব্য রাখেন সংগঠনের শুভাকাঙ্ক্ষী রফিক আহমদ, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মাওলানা মাসুক আহমদ এবং মিডিয়া ব্যক্তিত্ব নিজাম উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন সিংগেরকাছ বাজার পরিচালনা কমিটির সভাপতি মানিক মিয়া, বিয়ানীবাজারের মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা জুয়েল আহমদ, সংগঠনের শুভাকাঙ্ক্ষী গোলাম মোস্তফা এবং সদস্য শাহাব উদ্দিন নাজেল, আল আমিন, শায়েখ খান, জাকির হোসেন, মো. আলম হোসেন, পারভেজ আহমদ, মামুন আহমদ, কামরুল ইসলাম, কছির আহমদ, আবিদ আহমদ, তামিম আহমদসহ সংগঠনের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথি মো. ইকবাল হোসেনের হাতে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয় এবং তাঁর সুস্বাস্থ্য, সাফল্য ও নিরাপদ প্রবাসজীবন কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।