কৃষি উৎপাদন বৃদ্ধি এবং প্রান্তিক কৃষকদের সহায়তার লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় কানাইঘাট উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার, গাছের চারা ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এসব কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহদী হাসান শাকিল।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ বিশ্বজিৎ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাপস চক্রবর্তী, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি আমানুর রশিদ চৌধুরী, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন এবং কৃষি বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তারা।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা বিশ্বজিৎ রায় জানান, ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে উফশী রোপা আমন, গ্রীষ্মকালীন সবজি, ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষ, মরিচ, লেবু এবং পেঁয়াজের বীজসহ বিভিন্ন কৃষি উপকরণ মোট ৩ হাজার ২১০ জন কৃষকের মাঝে বিতরণ করা হবে।
তিনি আরও জানান, উফশী রোপা আমন চাষিদের প্রত্যেককে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হবে। এছাড়া অন্যান্য ফসলের উপকারভোগীদেরও নির্ধারিত পরিমাণে বীজ ও সার বিতরণ করা হবে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহদী হাসান শাকিল বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব নীতি বাস্তবায়নে কাজ করছে। কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও আর্থিকভাবে স্বাবলম্বী করতে বিভিন্ন সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
তিনি কানাইঘাটের উর্বর কৃষিজমির সম্ভাবনার কথা উল্লেখ করে বলেন, সরকারি প্রণোদনার আওতায় পাওয়া কৃষি উপকরণ যথাযথভাবে ব্যবহার করলে উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকের আর্থ-সামাজিক অবস্থার আরও উন্নয়ন ঘটবে।
এ সময় তিনি কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার এবং কৃষি বিভাগের পরামর্শ অনুসরণ করে অধিক ফলন অর্জনের আহ্বান জানান।