শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
advertisement
জাতীয়

আবদুল হামিদের বিদেশ গমন তদন্তে উচ্চপর্যায়ের কমিটি

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগের বিষয়টি তদন্তের জন্য উচ্চপর্যায়ের এক কমিটি গঠন করা হয়েছে। রোববার (১১ মে) এ কমিটি গঠন করা হয়। 

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারকে। কমিটির সদস্যরা হলেন–পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

এই কমিটি ৩টি মূল বিষয় পর্যালোচনা করে আগামী ১৫ দিনের মধ্যে রিপোর্ট দেবে। মূল ৩টি বিষয় হলো-

১. গত ৭ মে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর দিয়ে কীভাবে বিদেশ গমন করেছেন। 
২. এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর দায়িত্বের ক্ষেত্রে কোনো প্রকার ব্যত্যয় ও গাফিলতির ঘটনা ঘটেছে কিনা। 
৩. এ ক্ষেত্রে কারা কোন দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন তা নির্ধারণ করা এবং সেক্ষেত্রে কী ব্যবস্থা গ্রহণ করা যায়- সে সম্পর্কে সুপারিশ পেশ করা।

উল্লিখিত কার্যাবলি সম্পাদনের লক্ষ্যে এই কমিটি প্রয়োজনীয় সকল দলিল পত্র, যন্ত্রপাতি, স্বাক্ষ্য-প্রমাণ চাইতে পারবে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎ গ্রহণ করতে পারবে। সেক্ষেত্রে সকল সংস্থা কমিটি প্রদত্ত নির্দেশাবলি পালন করবে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করতে বাধ্য থাকবে। কমিটি ইচ্ছা করলে সদস্য কো-অপ্ট করতে পারবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা করবে। 

এই সম্পর্কিত আরো